
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা। এইচএসসি পরীক্ষার সময়সূচি, প্রশ্নপত্রের মান এবং সাম্প্রতিক বৃষ্টিজনিত ভোগান্তির প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করেন।
মঙ্গলবার (১৪ জুলাই) কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাদের দাবি তুলে ধরেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা ‘শিক্ষা নিয়ে রাজনীতি চলবে না’, ‘শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, শিক্ষার্থীদের সমস্যাগুলো বিবেচনায় না নিয়েই পরীক্ষা পরিচালনা করা হচ্ছে। এ কারণে শিক্ষার্থীদের স্বার্থে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছেন তারা।
এ সময় বক্তব্য দেন কুড়িগ্রাম সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের এইচএসসি পরীক্ষার্থী মোস্তফা সরকার, মানবিক বিভাগের শরিফ আহমেদ, কুড়িগ্রাম কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থী সাকিব আল হাসানসহ আরও অনেকে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত কয়েক দিনের ভারী বৃষ্টিতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। এর মধ্যেই এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় অনেক শিক্ষার্থীকে পানি ও কাদা পেরিয়ে, বৃষ্টিতে ভিজে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছে। কেউ কেউ নৌকায় করে কেন্দ্রে পৌঁছেছেন। এতে শারীরিক ও মানসিক চাপের মধ্যেই তাদের পরীক্ষা দিতে হয়েছে।
তারা বলেন, যতদিন জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতি থাকবে এবং আবহাওয়া পরীক্ষার অনুকূলে না আসবে, ততদিন পরীক্ষা স্থগিত রাখা উচিত ছিল। কিন্তু শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের পরিস্থিতি বিবেচনায় নেননি।
আন্দোলনকারীরা আরও অভিযোগ করেন, পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নপত্রে ভুল ছিল এবং প্রশ্নের মান নিয়েও তাদের আপত্তি রয়েছে। ভুল প্রশ্নপত্র তৈরির সঙ্গে যাদের সংশ্লিষ্টতা রয়েছে, তাদের চিহ্নিত করে যথাযথ তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানান তারা। শিক্ষার্থীরা বলেন, কঠিন প্রশ্ন নিয়ে তাদের আপত্তি নেই; তবে যে পাঠ্যসূচির ভিত্তিতে তারা প্রস্তুতি নিয়েছেন, মূল্যায়নও সেই অনুযায়ী হওয়া উচিত।
এ ছাড়া, গত ১৩ জুলাই বৈরী আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি, তাদের বিষয়ে মানবিক বিবেচনায় দ্রুত একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানের দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।