
জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের নিজ বাড়ি সংলগ্ন কবরস্থানে তিনি শ্রদ্ধা নিবেদন ও দোয়া করেন।
এ সময় রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা নূরুল আমীন, বিশিষ্ট ফার্টিলিটি বিশেষজ্ঞ ও সমাজসেবক ডা. এস এম খালিদুজ্জামান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক রেজাউল করিম শাকিলসহ সংগঠনটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারতের পর নুরুল ইসলাম শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি শহীদের বাবা-মা ও ভাইদের খোঁজখবর নেন, তাঁদের প্রতি সমবেদনা জানান এবং সবসময় পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। এ সময় তিনি শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনও পরিদর্শন করেন।
পরে তিনি বলেন, “শহীদ আবু সাঈদের আত্মত্যাগ জাতির সংগ্রামের ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। তাঁর শাহাদাতের মধ্য দিয়েই জাতির বিবেক জাগ্রত হয়েছে এবং ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটেছে। তাঁর আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
ছাত্রশিবির সভাপতি আরও বলেন, জুলাই অভ্যুত্থানের সব শহীদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। তিনি ছাত্র-জনতার ওপর হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। পাশাপাশি আবু সাঈদ, আলী রায়হান, মুগ্ধ, শান্ত, ওয়াসিম এবং জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদী হত্যার বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, শহীদ, আহত ও পঙ্গুত্ববরণকারী জুলাই যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে জুলাই জাতীয় সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন প্রয়োজন। বৈষম্যহীন, ইনসাফভিত্তিক ও সম্প্রীতির বাংলাদেশ প্রতিষ্ঠায় ছাত্রশিবির কাজ চালিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।