
বন্যাকবলিত মানুষের পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার হিসেবে মানুষের দুর্দশা লাঘব করাই সরকারের দায়িত্ব এবং বিএনপির রাজনীতির মূল লক্ষ্যও মানুষের পাশে থাকা।
শনিবার (১৮ জুলাই) সকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা চত্বরে আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় গৃহহারা পরিবারের মধ্যে গৃহনির্মাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিএনপি মানুষের জন্য রাজনীতি করে, দেশের জন্য রাজনীতি করে। আমরা জনগণের সরকার, জনগণের দ্বারা নির্বাচিত সরকার এবং জনগণের কাছেই দায়বদ্ধ। তাই মানুষের সুখে-দুঃখে পাশে থাকাই আমাদের আদর্শ ও অঙ্গীকার।’
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নীতিই হলো, ‘সবার আগে বাংলাদেশ, ক্ষমতার আগে জনতা।’ সরকার ক্ষমতার প্রদর্শনের জন্য নয়, দায়িত্ব পালনের জন্য কাজ করছে। যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার থাকবে।
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষক, মৎস্যচাষি ও গবাদিপশু খামারিদের পুনর্বাসনে সরকার বিস্তৃত কর্মপরিকল্পনা নিয়েছে বলেও জানান তিনি। তার ভাষায়, ক্ষতিগ্রস্তরা অল্প সময়ের মধ্যেই এসব উদ্যোগের সুফল পাবেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং রাস্তাঘাট দ্রুত সংস্কারের কাজ চলছে। পাশাপাশি উপকূলীয় জেলাগুলোকে রক্ষা করতে স্থায়ী ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, অভ্যন্তরীণ পানি নিষ্কাশন স্বাভাবিক রাখতে দীর্ঘদিন বন্ধ থাকা বিভিন্ন স্লুইসগেট খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এসব স্লুইসগেটের ব্যবস্থাপনার দায়িত্ব পানি উন্নয়ন বোর্ডের পরিবর্তে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের তত্ত্বাবধানে থাকবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান এবং আলহাজ শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন বক্তব্য দেন।
প্রথম পর্যায়ে সাম্প্রতিক বন্যায় পেকুয়া ও চকরিয়ার ২০টি গৃহহারা পরিবারের মধ্যে টিন, খাট, লেপ-তোশকসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রী বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, পরবর্তী পর্যায়ে আরও ৮০টি পরিবারকে একই ধরনের সহায়তা দেওয়া হবে।
এদিকে দিনভর পেকুয়া ও মাতামুহুরী উপজেলায় বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ কার্যক্রমে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি পেকুয়ার মেহেরনামা, শিলখালী, বারবাকিয়া বাজার, টইটং, রাজাখালী সবুজ বাজারসহ বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। পরে উজানটিয়া সোনালী বাজার এলাকার স্লুইসগেটও পরিদর্শন করেন।