
কিশোরগঞ্জের কটিয়াদী-ভৈরব সড়কের গজারিয়া বাজার এলাকায় মাছবোঝাই একটি পিকআপ ভ্যানের ধাক্কায় হাসিম মিয়া (৫৫) নামে এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২৬ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন কটিয়াদী হাইওয়ে পুলিশের ইনচার্জ এবিএম মেহেদী মাসুদ।
নিহত হাসিম মিয়া কটিয়াদী উপজেলার উত্তর লোহাজুরী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত রুসমত আলীর ছেলে। পেশায় তিনি জাল বোনার কারিগর ছিলেন।
পুলিশ জানায়, স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, গ্রামের সংযোগ সড়ক থেকে সাইকেল নিয়ে মূল সড়কে ওঠার সময় দ্রুতগতির মাছবোঝাই পিকআপটি সাইকেলটিকে ধাক্কা দিলে আরোহী ছিটকে পড়েন। স্থানীয়দের ধারণা, এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
কটিয়াদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) নবিনুর রহমান বলেন, দুর্ঘটনার পর পিকআপটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আহত অবস্থায় হাসিম মিয়াকে কটিয়াদী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম কিবরিয়া জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল।