
ময়মনসিংহের ফুলপুর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের পচা ডিম সরবরাহের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
রোববার (২ আগস্ট) উপজেলার গুপ্তেরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ফুড ম্যানেজার আশিকুর রহমান জানান, প্রথমে প্রথম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ডিম বিতরণ করা হয়। শিক্ষার্থীরা ডিমের খোসা ছাড়াতে শুরু করলে পুরো শ্রেণিকক্ষে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। তিনি বলেন, ডিমের ভেতরের অংশ কালচে ও শক্ত ছিল, আবার কিছু ডিমের ভেতরে দুর্গন্ধযুক্ত পচা পানি পাওয়া যায়। ডিমগুলো সম্পূর্ণ খাওয়ার অযোগ্য হওয়ায় শিশুরা সেগুলো ফেলে দেয়। এর আগেও একই বিদ্যালয়ে দুই দফা পচা ডিম সরবরাহ করা হয়েছিল বলেও জানান তিনি।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল হক বলেন, রোববার শিক্ষার্থীদের জন্য ঠিকাদারের লোকজন বিদ্যালয়ে ২১৮টি ডিম সরবরাহ করেন। পরে ডিমগুলো পচা বলে তাদের জানানো হলে দুপুর ২টার দিকে তারা সেগুলো বিদ্যালয় থেকে তুলে নিয়ে যায়। তিনি আরও জানান, স্কুল ফিডিং কর্মসূচির আওতায় ডিমের পাশাপাশি বনরুটি, প্যাকেটজাত দুধ, বিস্কুট এবং মৌসুমি ফলও শিক্ষার্থীদের দেওয়া হয়ে থাকে।