
২০২৫-২৬ অর্থবছরে বিদেশি ঋণ পরিশোধে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। বিদায়ী অর্থবছরে সুদ ও আসল মিলিয়ে প্রায় ৪৫০ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করতে হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
রোববার (২ আগস্ট) বিদেশি ঋণের প্রতিশ্রুতি, ছাড় এবং পরিশোধসংক্রান্ত সর্বশেষ তথ্য প্রকাশ করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি)।
ইআরডির প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ বিদেশি ঋণের সুদ ও আসল বাবদ মোট ৪৪৯ কোটি ৪০ লাখ ডলার পরিশোধ করেছে। এর আগে কোনো অর্থবছরে এত বেশি বিদেশি ঋণ শোধ করতে হয়নি। তুলনামূলকভাবে আগের ২০২৪-২৫ অর্থবছরে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ছিল ৪০৯ কোটি ডলার।
ইআরডি সূত্র জানিয়েছে, গত জুলাই থেকে জুন পর্যন্ত সময়ে পরিশোধ করা ৪৪৯ কোটি ৪০ লাখ ডলারের মধ্যে ঋণের আসল বাবদ পরিশোধ করা হয়েছে ২৯৫ কোটি ডলার। অন্যদিকে সুদ পরিশোধে ব্যয় হয়েছে ১৫৪ কোটি ডলার।
তথ্য অনুযায়ী, পুরো অর্থবছরে গড়ে প্রতি মাসে বিদেশি ঋণের সুদ ও আসল মিলিয়ে সাড়ে ৩৭ কোটি ডলারেরও বেশি পরিশোধ করতে হয়েছে বাংলাদেশকে।