
চট্টগ্রাম নগরের পাঁচলাইশ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) গভীর রাতে চশমাহিল এলাকায় এ ঘটনা ঘটে।
নওফেলের ভাইয়ের অভিযোগ, তাদের বাসা লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়া হয়েছিল।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুল ইসলাম জানান, সিসিটিভি ফুটেজে রাত ২টার দিকে বাড়িটির সামনে সাতজন তরুণ-যুবককে দেখা গেছে। তারা সেখানে আগুন ধরানোর চেষ্টা করে। একপর্যায়ে বাসার সামনে থাকা একটি পাইপলাইনে আগুন ধরে যায়। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে তারা সেখান থেকে চলে যায়।
এর আগে গত ৫ আগস্ট ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলনে অংশ নেন নওফেল। স্থানীয়দের ধারণা, ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে নওফেলের বাসভবনে অগ্নিসংযোগ করা হয়ে থাকতে পারে।
এদিকে একই সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হওয়ায় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতেও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
জুলাই গণঅভ্যুত্থানের পর সাকিবের ওই বাড়িতে একাধিকবার হামলা হয়। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। অন্তর্বর্তী সরকারের সময়ও বাড়িটিতে কয়েক দফা হামলার ঘটনা ঘটেছিল।