
সাভারের আশুলিয়ায় দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা জেলা উত্তরের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক তৌহিদুর ইসলাম সানভী ও নাজিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামি শাকিল (২৩) এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে।
মঙ্গলবার রাতে আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ১৬ বছর বয়সী ওই ছাত্রী আশুলিয়ার কন্ডা এলাকার বাসিন্দা এবং সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণিতে পড়াশোনা করে। মামলার প্রধান আসামি শাকিল তাদের প্রতিবেশী। অভিযোগ রয়েছে, স্কুলে যাতায়াতের সময় শাকিল ও তার সহযোগীরা বিভিন্নভাবে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতেন।
মামলার বাদী ও ভুক্তভোগীর মা আরিফা আক্তার জানান, গত ১০ আগস্ট সকাল ৮টার দিকে মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে তিনি বাড়িতে ফিরে যান। পরে দুপুর সোয়া ২টার দিকে মেয়েকে আনতে স্কুলে গেলে জানতে পারেন, সে সেখানে নেই।
পরে মেয়ের বান্ধবীদের কাছ থেকে তিনি জানতে পারেন, দুপুর ২টার দিকে নবীনগর এলাকায় স্কুলের সামনে থেকে শাকিল ও তার সহযোগীরা ফুসলিয়ে মেয়েটিকে নিয়ে যায়।
মেয়ের সন্ধানে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে মঙ্গলবার আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন। পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, পরিবারের অভিযোগ পাওয়ার পর মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়। তদন্তে তৌহিদুর ইসলাম সানভী ও নাজিমের সম্পৃক্ততা ও সহযোগিতার বিষয়ে তথ্য-প্রমাণ পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে মামলার প্রধান আসামি শাকিলকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।