
চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোহাম্মদ ছায়েদুর রহমানের (৫৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উত্তর আগ্রাবাদের রমনা আবাসিক প্রকল্পের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
কর্মক্ষেত্রে মৃত্যুর দিন সন্ধ্যা পর্যন্ত ছায়েদুর রহমানের আচরণে কোনো অস্বাভাবিকতা দেখেননি সহকর্মীরা। তারা জানান, সন্ধ্যা ৬টা পর্যন্ত তিনি একটি দাপ্তরিক বৈঠকে অন্য সহকর্মীদের সঙ্গে ছিলেন। ওই সময় তাকে স্বাভাবিক ও প্রফুল্ল দেখাচ্ছিল। প্রায় দুই বছর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক পদে পদোন্নতি পান।
পারিবারিক ও সহকর্মীদের কাছ থেকে জানা যায়, বুধবার সন্ধ্যায় ছায়েদুর রহমানের স্ত্রী তাদের নাতিকে নিয়ে চিকিৎসকের কাছে গিয়েছিলেন। ওই সময় তিনি স্ত্রীকে দ্রুত বাসায় ফেরার জন্য বলেন। পরে স্ত্রী বাড়িতে ফিরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
বিষয়টি তাৎক্ষণিকভাবে হালিশহর থানা-পুলিশকে জানানো হলে সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।
পারিবারিকভাবে ছায়েদুর রহমান তিন কন্যাসন্তানের বাবা। তার বড় মেয়ে একজন প্রকৌশলী এবং ছোট মেয়ে বর্তমানে এমবিবিএস কোর্সে পড়ছেন। তারা দুজনই ঢাকায় থাকেন। মেজ মেয়ে চিকিৎসক হিসেবে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত।
হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদিন মণ্ডল জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।