
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। একই সময় বাংলাদেশিদের চারটি ছোট নৌকা আটকে রাখে বিএসএফ। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তবর্তী এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে।
ঘটনার পর বিএসএফের গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত করা হয়।
সীমান্তের ওপারে বালু-পাথর উত্তোলনের অভিযোগ
বিজিবি জানায়, বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে বুড়িমারী শ্রীরামপুর এলাকার তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি) পঁয়ষট্টিবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ ঘটনা ঘটে।
বিজিবির তথ্য অনুযায়ী, সীমান্ত পিলার ৮৪২/৪-এস ও ৮৪২/৫-এসের মধ্যবর্তী স্থান থেকে আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে বরমতল নামের একটি স্থানে কয়েকজন বাংলাদেশি নাগরিক যান। সেখানে তারা অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের জন্য গিয়েছিলেন বলে জানায় বিজিবি।
এ সময় ৬২ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের সদস্যরা তাদের দেখতে পান। পরে বিএসএফ সদস্যরা পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।
একই সঙ্গে নদী থেকে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত বাংলাদেশিদের চারটি ছোট নৌকা জব্দ করে বিএসএফ।
বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ, পতাকা বৈঠকের উদ্যোগ
ঘটনাটি নিয়ে বিজিবি-বিএসএফের বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
এদিকে বৃহস্পতিবার বিকেলে দুই বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। সীমান্তের ঘটনাটি নিয়ে ওই বৈঠকে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) জানানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করবে পুলিশের
পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিজিবির পক্ষ থেকে ঘটনাটি পুলিশকে জানানো হয়েছে।
তিনি বলেন, ‘বিষয়টি বিজিবি আমাদের জানিয়েছে। খোঁজ নিয়ে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
বিএসএফের গুলি ছোড়া এবং চারটি নৌকা আটকের ঘটনাকে কেন্দ্র করে পাটগ্রাম সীমান্তে এ উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।