
ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর সেলফি পরিবহন বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১০টার দিকে শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবালয় থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত দুজন হলেন ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মো. সাহানের ছেলে ইয়াসিন (২২) এবং একই গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮)। আহত অটোরিকশাচালকের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
যেভাবে ঘটল দুর্ঘটনা
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে, ঘিওর উপজেলার মৌহালী গ্রাম থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল ব্যাটারিচালিত অটোরিকশাটি।
বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি অটোরিকশাটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। গুরুতর আহত অপর যাত্রীকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় অটোরিকশাচালকও গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সেলফি পরিবহনের চলাচল বন্ধের দাবি জানান। অবরোধের কারণে মহাসড়কের উভয় পাশে যান চলাচল থেমে যায়। এতে দুই পাশে প্রায় ২০০ থেকে ৩০০টি যানবাহন আটকা পড়ে এবং দুর্ভোগে পড়েন যাত্রীরা।
প্রায় তিন ঘণ্টা পর অবরোধ পরিস্থিতি স্বাভাবিক হলে মহাসড়কে যান চলাচল আবার শুরু হয়।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। তবে বাসের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।