
মুন্সীগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে স্থানীয় একটি মসজিদের ইমামকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া রেজাউল বারী প্রায় ২৫ বছর ধরে শ্রীনগরের একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।
ওই কিশোরীর স্বজনদের কাছ থেকে জানা যায়, অভিযুক্ত ইমাম ‘জ্বিনের আছর’ হয়েছে বলে মনে করা ব্যক্তিদের চিকিৎসা করান। কিশোরীরও এ ধরনের সমস্যা হয়েছে বলে ধারণা করে কয়েক দিন আগে তাঁর পরিবারের সদস্যরা ইমামের কাছে যান। গতকাল রাতে কিশোরী তার বাবা-মায়ের সঙ্গে ইমামের বাড়িতে যায়। সেখানে ইমাম তাকে একটি কক্ষে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে।
পরে পরিবারের সদস্যরা শ্রীনগর থানায় গিয়ে অভিযোগ জানালে পুলিশ রাতেই অভিযুক্ত রেজাউল বারীকে আটক করে।
ওসি মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, ‘কিশোরীর মা মামলা করেছেন। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক আশরাফ হোসেন মিলন বলেন, ‘অভিযোগ ওঠার পর মসজিদ কমিটির সভা ডাকা হয়েছে। সেখানে পরবর্তী করণীয় ঠিক করা হবে।’