
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের অগ্রগতি জানতে উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটির প্রধানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী বছরের ২৭ এপ্রিল প্রয়োজনীয় নথিপত্রসহ তাঁকে আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে। একই দিনে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ তানভীর জোহাকেও হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে, মামলাটির তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য উচ্চপর্যায়ের টাস্কফোর্স কমিটিকে আরও ছয় মাস সময় দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।
সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত কতদূর এগিয়েছে, তা পর্যালোচনা এবং মামলার প্রতিবেদন দাখিলের বিষয়টি বিবেচনায় নিয়ে আদালত এ নির্দেশনা দিয়েছেন।