রাজধানী ঢাকার পল্লবীতে আট বছরের এক শিশুকে ধর্ষণ ও হত্যার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি স্বপ্না খাতুনকে বেকসুর খালাস দিয়েছেন হাইকোর্ট। তবে এ মামলার প্রধান আসামি সোহেল রানার ফাঁসির আদেশ বহাল রাখা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে সোমবার দুই আসামির জেল আপিল ও ডেথ রেফারেন্সের ওপর শুনানি শেষ হয় এবং আজ রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছিল।
মামলার এজাহার ও বিবরণ থেকে জানা যায়, গত ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রী বাসা থেকে বের হলে একই ভবনের ভাড়াটে কৌশলে তাকে নিজেদের ফ্ল্যাটে ডেকে নেন। সকাল সাড়ে ১০টার দিকে মেয়েকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে শুরু করেন তার মা। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই ফ্ল্যাটের দরজার সামনে মেয়ের জুতা পড়ে থাকতে দেখেন তিনি। ভেতরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভাঙা হয়। পরে ফ্ল্যাটের ভেতরে সোহেলের শয়নকক্ষের মেঝেতে শিশুটির মস্তকবিহীন মরদেহ এবং বাথরুমের একটি বালতির ভেতর থেকে মাথা উদ্ধার করা হয়।
নথিপত্র অনুযায়ী, বাসার বাথরুমে আটকে রেখে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল। লাশ গুম করার উদ্দেশ্যে ছুরি দিয়ে শিশুটির মাথা বিচ্ছিন্ন করার পাশাপাশি দুই হাত কাঁধ থেকে অর্ধবিচ্ছিন্ন করা হয়। ঘটনার পর মরদেহ বাথরুমের বালতিতে রেখে জানালার গ্রিল কেটে পালিয়ে যান সোহেল রানা।
এ ঘটনায় নিহত শিশুর বাবা আব্দুল হান্নান মোল্লা বাদী হয়ে পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তে পুলিশ প্রথমে স্বপ্না খাতুনকে এবং পরবর্তীতে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেফতার করে। পরবর্তীতে সোহেল রানা আদালতে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে জবানবন্দি দেন।
সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে হত্যাকাণ্ডের মাত্র ১৯ দিনের মাথায় গত ৭ জুন এ মামলার রায় দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন। বিচারিক আদালতের সেই রায়ে সোহেল রানা ও স্বপ্না খাতুন—উভয়কেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। পাশাপাশি সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না খাতুনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়, যা শিশুটির উত্তরাধিকারীদের দেওয়ার নির্দেশ দিয়েছিলেন আদালত। পরবর্তীতে মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে আসে এবং দুই আসামিও জেল আপিল করেন। সেই আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে আজ চূড়ান্ত এ রায় দিলেন উচ্চ আদালত।