
ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস) বা এলপিজির দাম এপ্রিল মাসে বড় ধরনের বৃদ্ধি পেয়েছে। নতুন নির্ধারণ অনুযায়ী, ১২ কেজির একটি সিলিন্ডারের দাম আগের ১,৩৪১ টাকা থেকে ৩৮৭ টাকা বাড়িয়ে ১,৭২৮ টাকা করা হয়েছে।
একই সঙ্গে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬১ টাকা ৮৩ পয়সা থেকে বাড়িয়ে ৭৯ টাকা ৭৭ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এই নতুন মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সংস্থাটি জানিয়েছে, নতুন দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এর আগে মার্চ মাসে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১,৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল। একই সময়ে অটোগ্যাসের দাম সামান্য কমিয়ে ৬১ টাকা ৮৩ পয়সা নির্ধারণ করা হয়।
জ্বালানি বাজারে আন্তর্জাতিক দামের ঊর্ধ্বগতির প্রভাবেই এ বৃদ্ধি এসেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।