
দেশজুড়ে ছেঁড়া, ক্ষতিগ্রস্ত ও ময়লাযুক্ত নোট নিয়ে ভোগান্তি বাড়ায় এবার কঠোর অবস্থান নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক—এসব নোট গ্রহণ ও বিনিময় এখন বাধ্যতামূলক।
রোববার (১২ এপ্রিল) এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়েছে, সাধারণ মানুষের স্বাভাবিক নগদ লেনদেন নিশ্চিত করতে সব তফসিলি ব্যাংকের শাখাকে নিয়ম মেনে ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ করতে হবে। পাশাপাশি, এসব নোটের বিপরীতে নতুন অথবা পুনরায় ব্যবহারের উপযোগী নোট সরবরাহ করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, এ বিষয়ে আগেও নির্দেশনা থাকলেও বাজারে এখনও এমন নোটের আধিক্য রয়েছে, যা সাধারণ লেনদেনে সমস্যা তৈরি করছে। পরিস্থিতি সামাল দিতে ‘পরিষ্কার নোট নীতি’ বাস্তবায়নে ব্যাংকগুলোকে আরও সক্রিয় হতে বলা হয়েছে।
বিশেষভাবে ৫, ১০, ২০ ও ৫০ টাকার মতো ছোট মূল্যমানের নোট নিয়মিত গ্রহণ এবং নির্ধারিত কাউন্টারের মাধ্যমে তা বিনিময়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। গ্রাহকদের এসব নোটের পরিবর্তে ব্যবহারযোগ্য বা নতুন নোট দিতে হবে।
বাংলাদেশ ব্যাংক স্পষ্ট করে জানিয়েছে, কোনো শাখা যদি এই নির্দেশনা বাস্তবায়নে গাফিলতি করে বা অনীহা দেখায়, তাহলে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে বলা হয়েছে।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারার আওতায় জারি করা এ নির্দেশনা তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।