
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান বলেছেন, সরকারকে ঋণ দিতে টাকা ছাপানো হচ্ছে- এমন দাবি সম্পূর্ণ ভিত্তিহীন।
শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ২০২৬-২৭ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় প্রকাশক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
সম্প্রতি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) এক সেমিনারে দাবি করা হয়, বাংলাদেশ ব্যাংক টাকা ছাপিয়ে সরকারকে ঋণ দিচ্ছে, যার ফলে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গভর্নর বলেন, “টাকা ছাপানোর বিষয়টি ভিত্তিহীন।”
তিনি আরও বলেন, বিদেশে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা কঠিন হলেও সরকার চেষ্টা করছে, যাতে ওই অর্থ কেউ ব্যবহার করতে না পারে।
প্রাক-বাজেট আলোচনায় উপস্থিত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের অর্থনীতিকে রাজনীতির প্রভাবমুক্ত করে গণতান্ত্রিক কাঠামোর দিকে নিতে হবে। তিনি দাবি করেন, দীর্ঘদিনের ভিন্ন চর্চার কারণে ব্যাংকিং খাত ও পুঁজিবাজার দুর্বল হয়ে পড়েছে।
সভায় প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রকাশক ও সম্পাদকরা বাজেট, ব্যাংকিং, বিনিয়োগ, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক সংস্কার নিয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন।