
পরিবেশ সুরক্ষা, নাগরিক দায়িত্ববোধ এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে শিক্ষা খাতকে সরাসরি কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে যুক্ত করার ওপরও জোর দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
তিনি বলেন, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা শিক্ষা পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি খাল খনন, পরিচ্ছন্নতা কার্যক্রম, সামাজিক উন্নয়নমূলক উদ্যোগ, দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে। পোষা প্রাণী পালনের ক্ষেত্রেও শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া হবে বলে জানান তিনি।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘শিক্ষাকে সরাসরি কর্মসংস্থান, উৎপাদনশীলতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সংযুক্ত করা হবে। শক্তিশালী ‘ইন্ডাস্ট্রি একাডেমিয়া’ সংযোগ গড়ে তোলা হবে। যার মাধ্যমে শিক্ষার্থীরা অ্যাপ্রেনটিসশিপ ও ইন্টার্নশিপ সুবিধা পাবে এবং স্টার্ট-আপ চালুকরণ ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।’
তিনি আরও জানান, শিক্ষা খাতে স্বীকৃত স্বল্পমেয়াদি কোর্স চালু করা হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের যৌথ উদ্যোগে দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।
অর্থমন্ত্রীর মতে, এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষাকে শুধু জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করা হবে।