
চট্টগ্রামের আনোয়ারায় আগামী ১৮ মাসের মধ্যে প্রথম শিল্পকারখানা চালুর চ্যালেঞ্জ চীনা বিনিয়োগকারীদের সামনে তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ চ্যালেঞ্জ চীনা ব্যবসায়ীরা ইতোমধ্যে গ্রহণ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্যসমাপ্ত মালয়েশিয়া ও চীন সফর নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
বিডা চেয়ারম্যান বলেন, প্রধানমন্ত্রীর সফরে মোংলায় চীনের জন্য একটি বিশেষায়িত অর্থনৈতিক পার্ক এবং চট্টগ্রামের আনোয়ারায় একটি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল (ইকোনমিক জোন) প্রতিষ্ঠার বিষয়ে চুক্তি হয়েছে। পাশাপাশি বাংলাদেশের জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতেও চীন সম্মতি দিয়েছে।
ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অন্য একটি দেশের সরকারপ্রধানের সঙ্গে বৈঠক স্থগিত রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এ সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির জানান, বাংলাদেশের উন্নয়নে দীর্ঘমেয়াদি অংশীদার হিসেবে পাশে থাকার আশ্বাস দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। একই সঙ্গে ব্রিকস ও সাংহাই সহযোগিতা সংস্থায় বাংলাদেশের সদস্যপদের প্রচেষ্টায়ও চীনের সমর্থনের কথা জানান তিনি।