
দেশের চলমান জ্বালানি সংকট সামাল দিতে আরও চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার।
বুধবার (২ সেপ্টেম্বর) মন্ত্রিসভার ক্রয়সংক্রান্ত কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
সিদ্ধান্ত অনুযায়ী, নতুন চার কার্গোর মধ্যে একটি কার্গো কেনা হবে বিপি সিঙ্গাপুর পিটিই থেকে। এ কার্গোর প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮ দশমিক ০৩ ডলার।
আরামকো ট্রেডিং সিঙ্গাপুর থেকে নেওয়া হবে আরও দুটি কার্গো। এর মধ্যে একটি কার্গোর প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ২৭ দশমিক ৫৪ ডলার। অপর কার্গোটির জন্য তুলনামূলক কম দাম নির্ধারণ করা হয়েছে; প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য ধরা হয়েছে ২৩ দশমিক ৯৮ ডলার।
অন্যদিকে, ভাইটল এশিয়া থেকে কেনা হবে একটি কার্গো। এ কার্গোর প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম নির্ধারণ করা হয়েছে ২৬ দশমিক ৬৭ ডলার।