
অনলাইনভিত্তিক প্রসাধনসামগ্রী বিক্রয়কারী প্রতিষ্ঠান কোরিয়ান মার্ট বাংলাদেশের বিরুদ্ধে ৩ কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকির তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, রাজধানীর পল্লবীতে কোরিয়ান মার্ট বাংলাদেশের কার্যালয়ে অভিযান চালায় ঢাকার কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট (পশ্চিম)।
অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে ভ্যাট ফাঁকির আলামত পাওয়া যায়। বিষয়টি আরও যাচাই করতে প্রতিষ্ঠানটির ল্যাপটপ, কম্পিউটারসহ বিভিন্ন নথি জব্দ করা হয়।
পরে জব্দ করা এসব তথ্য ও নথি পর্যালোচনা করে ভ্যাট ফাঁকির চিত্র পাওয়া যায় বলে জানায় এনবিআর।
৪৬ কোটি ৭৩ লাখ টাকার বেশি পণ্য বিক্রির তথ্য
এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নথিপত্র যাচাই করে দেখা গেছে, কোরিয়ান মার্ট বাংলাদেশ ‘নিয়মবহির্ভূতভাবে’ মোট ৪৬ কোটি ৭৩ লাখ ৬৩ হাজার ৬৪৭ টাকার পণ্য বিক্রি করেছে।
এই বিক্রির বিপরীতে প্রতিষ্ঠানটির ফাঁকি দেওয়া মূসক বা ভ্যাটের পরিমাণ ৩ কোটি ১৯ লাখ ৫৭ হাজার ৪৯০ টাকা বলে জানিয়েছে এনবিআর।
ভ্যাট ফাঁকি ঠেকাতে বিভিন্ন অনলাইন শপে অভিযান
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড।
ভ্যাট ফাঁকি প্রতিরোধে অনলাইনভিত্তিক দোকানগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছে এনবিআরের ভ্যাট কমিশনারেট।
এনবিআর জানিয়েছে, এ ধরনের একাধিক অভিযানে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠানের ভ্যাট ফাঁকির প্রমাণও পেয়েছে রাজস্ব আদায়ের দায়িত্বে থাকা এই সংস্থাটি।