
রাজধানীর বাড্ডার একরামুন্নেসা বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষায় নির্ধারিত প্রশ্ন সেটের পরিবর্তে ভিন্ন সেট বিতরণের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঘটনায় কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে শিক্ষা বোর্ড। তবে শিক্ষার্থীদের ফলাফলে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত পরীক্ষায় ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনা অনুযায়ী ‘১ নম্বর সেট’ প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কথা থাকলেও ওই কেন্দ্রে ভুলবশত ‘৩ নম্বর সেট’ প্রশ্নপত্র বিতরণ করা হয়। পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।
ঢাকা শিক্ষা বোর্ড সূত্র জানায়, এসএসসি বাংলা প্রথম পত্রের প্রশ্নপত্র নির্ধারিত সেট অনুযায়ী একাধিক ভ্যারিয়েশনে প্রস্তুত করা হলেও ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের অবহেলার কারণে ভুল সেটে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
ভুক্তভোগী আলাতুন্নেছা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ কনক মুহাম্মদ কাইমুল্লাহ চৌধুরী জানান, ওই কেন্দ্রে তার প্রতিষ্ঠানের মোট ৬৩৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছিল। তিনি বলেন, বিষয়টি তাৎক্ষণিকভাবে বোর্ডকে জানানো হয়েছে এবং শিক্ষার্থীদের যে সেটে পরীক্ষা নেওয়া হয়েছে, সেট অনুযায়ীই খাতা মূল্যায়ন করা হবে বলে আশ্বস্ত করা হয়েছে।
এ বিষয়ে বুধবার (২২ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ড. খন্দকার এহসানুল কবির বলেন, ‘একই বিষয়ের প্রশ্নপত্র হওয়ায় শিক্ষার্থীদের কোনো ক্ষতি হবে না। তাদের খাতা আলাদাভাবে মূল্যায়নের ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি আরও জানান, দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে বিভাগীয় ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বোর্ড চেয়ারম্যান বলেন, ‘আমরা নিশ্চিত করতে চাই, কোনো শিক্ষার্থী যেন এই ঘটনায় ক্ষতিগ্রস্ত না হয় বা ফলাফলে পিছিয়ে না পড়ে।’
উল্লেখ্য, ২১ এপ্রিল শুরু হওয়া এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা চলবে ২০ মে পর্যন্ত। এরপর ৭ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।