
ক্রিস্টিয়ানো রোনালদোর ক্যারিয়ারের শেষ অধ্যায় যত এগোচ্ছে, ততই ফুটবল দুনিয়ায় নতুন এক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে তার পারিবারিক গল্প। যেখানে শুধু একজন কিংবদন্তির অর্জন নয়, এবার সামনে আসছে এক ভিন্ন সম্ভাবনার ইঙ্গিত।
সৌদি ক্লাব আল-নাসরের পরিকল্পনায় এবার এমন এক অধ্যায় যুক্ত হতে পারে, যা ফুটবলের ইতিহাসে বিরল এক মুহূর্ত তৈরি করবে। ক্লাবটি মূল দলে যুক্ত করার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে রোনালদোর ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রকে।
বর্তমানে আল-নাসরের অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৬ দলে খেলছেন ক্রিস্টিয়ানো জুনিয়র। বয়সের তুলনায় তার পারফরম্যান্স ইতোমধ্যেই নজর কাড়ছে ক্লাব কর্তৃপক্ষের। অনূর্ধ্ব-১৫ দলে ২৭ ম্যাচে ৫৬ গোল এবং অনূর্ধ্ব-১৬ দলে হ্যাটট্রিক করার পর তার উন্নতি নিয়ে আলোচনা আরও জোরদার হয়েছে। আগামী জুনে তার বয়স ১৬ বছরে পা দেবে।
তার শারীরিক গঠন, উচ্চতা এবং গোল করার সক্ষমতাও কোচিং স্টাফদের পরিকল্পনায় জায়গা পাচ্ছে। ফলে ধাপে ধাপে তাকে মূল দলের সঙ্গে অনুশীলনের সুযোগ দেওয়ার ভাবনা রয়েছে।
ফুটবলে বাবা-ছেলের একই দলে খেলার ঘটনা খুবই বিরল। অতীতে সীমিত কিছু উদাহরণ থাকলেও বড় পর্যায়ে এমন দৃশ্য প্রায় দেখা যায় না। সেই প্রেক্ষাপটে রোনালদো ও তার ছেলের একসঙ্গে মাঠে নামার সম্ভাবনা ফুটবল ভক্তদের মধ্যে নতুন কৌতূহল তৈরি করেছে।
আল-নাসরের সঙ্গে রোনালদোর চুক্তি ২০২৭ সাল পর্যন্ত নবায়ন করা আছে। ক্লাবের ধারণা, জুনিয়রকে মূল দলে যুক্ত করা হলে তা শুধু মাঠের পারফরম্যান্স নয়, বাণিজ্যিক ও বৈশ্বিক প্রচারণার ক্ষেত্রেও বড় প্রভাব ফেলতে পারে।