
ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের কারণে দীর্ঘ ছুটিতে যাচ্ছে দেশের সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান। তবে রোজার সময়ের ছুটির কারণে সৃষ্ট পাঠঘাটতি পূরণে আগামী শনিবার (২৩ মে) সরকারি প্রাথমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত বহাল রয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনার ভিত্তিতে এ তথ্য জানানো হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বাৎসরিক ছুটির তালিকা অনুযায়ী ২৪ মে থেকে প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হওয়ার কথা। তবে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির কারণে মূলত বৃহস্পতিবার ক্লাস শেষে অনেক প্রতিষ্ঠানেই ছুটির আমেজ শুরু হয়েছে।
এদিকে শুধু প্রাথমিক বিদ্যালয় শনিবার খোলা রাখার সিদ্ধান্তে শিক্ষক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শিক্ষকদের একটি অংশ মনে করছেন, সব স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান রমজানে একই সময় ছুটিতে থাকলেও শুধু প্রাথমিক স্তরে অতিরিক্ত ক্লাস চালু রাখা বৈষম্যমূলক।
একজন শিক্ষক প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, এককভাবে প্রাথমিক পর্যায়ে চাপ তৈরি করা হচ্ছে। শিক্ষকদের মানসিক প্রস্তুতি ও বিশ্রামের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আগের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার ক্লাস চালু থাকবে। এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পরে জানানো হতে পারে।
অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়ে প্রায় ৩ লাখ ৮৪ হাজার শিক্ষক কর্মরত এবং শিক্ষার্থী রয়েছে প্রায় ১ কোটি।