
জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল সম্প্রতি এক আবেগঘন বার্তায় নিজের ভেতরের অস্থিরতা, বিষণ্ণতা ও দীর্ঘ ব্যক্তিগত সংগ্রামের কথা প্রকাশ করেছেন। অভিনয় দক্ষতায় অল্প সময়েই দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই তারকা বড় পর্দার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও সক্রিয়। সেখানেই তিনি নিজের মনের অবস্থার কথা খোলামেলা ভাষায় তুলে ধরেন।
সুনেরাহ লিখেছেন, আয়নায় নিজের দিকে তাকিয়ে তিনি এমন এক অনুভূতি খুঁজে পেয়েছেন যা তার ভালো লাগেনি। তার ভাষায়, “নিজের চোখে এমন কিছু দেখলাম, যা আমি নিজের মধ্যে দেখতে চাই না—তাকে বিষণ্ণতা, অসহায়ত্ব কিংবা শোক যা-ই বলুন না কেন।”
তিনি জানান, অনুভূতিটি ছিল অদ্ভুত এবং এর পেছনে নির্দিষ্ট কোনো কারণও ছিল না। তবুও সবকিছু যেন ঠিকঠাক মনে হচ্ছিল না। প্রতিদিন নিজেকে আরও ভালোভাবে গড়ে তোলার চেষ্টা করেছেন তিনি—একটি প্রাণশক্তিতে ভরপুর ও আনন্দময় জীবন যাপনের লক্ষ্য নিয়ে।
অভিনেত্রী আরও বলেন, জীবনের অনেক সংগ্রাম তিনি একাই মোকাবিলা করেছেন, যেগুলো নিয়ে সাধারণত প্রকাশ্যে কথা বলেন না। “সেই পথটা ছিল একান্তই আমার। আমি একাই সবটুকু পথ পাড়ি দিয়েছি। আর আমি এই পরিশ্রম বৃথা যেতে দেব না,”—লিখেছেন তিনি।
সবশেষে নিজের প্রতি অঙ্গীকার ব্যক্ত করে সুনেরাহ বলেন, তিনি হাসিখুশি থাকতেই চান। “আমি ঠিক করেছি, আমি হাসব এবং খুশি থাকব। এই হাসিটাই আমার সাথে মানায়। আমি সুখ এবং এক উন্নত জীবন পছন্দ করি। আমি কোনো কিছু বা অন্য কাউকে আমার থেকে এসব কেড়ে নিতে দেব না। এটা আমার নিজের কাছে নিজের প্রতিশ্রুতি।”
তার এই আবেগঘন বার্তা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মন্তব্যের ঘরে তার পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং তার শক্ত মানসিকতার প্রশংসা করেছেন।