
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনায় প্ররোচনার মামলার প্রধান আসামি করা হয়েছে জাহের আলভী ও তার মাকে। পুলিশ জানিয়েছে, আলভী বর্তমানে নেপালে অবস্থান করছেন এবং দেশে ফিরলেই তাকে গ্রেপ্তার করা হবে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, “মামলায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ আনা হয়েছে। দেশের বাইরে থাকায় তাকে এখনই গ্রেপ্তার করা সম্ভব হয়নি। দেশে ফিরলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা হিসেবে দেখা হলেও পারিবারিক কলহ বা মানসিক নির্যাতনের কোনো ভূমিকা আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও সংগৃহীত আলামত বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনার পটভূমি অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের বাসা থেকে ইকরার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ১ মার্চ শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ময়নাতদন্তের পর রাতেই ময়মনসিংহের ভালুকায় দাফন করা হয়।
পরিবারিক সূত্রে জানা গেছে, জাহের আলভী ও ইকরার বিয়ে গোপনে হয়েছিল ২০১০ সালে। দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে এই বিয়ের তথ্য প্রকাশ্যে আসে। দম্পতির একটি সন্তান রয়েছে।