
ভারতীয় সংগীতাঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। সুরের জাদুতে প্রজন্মের পর প্রজন্মকে মোহিত করা কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোঁসলে আর নেই। ৯২ বছর বয়সে মুম্বাইয়ে রোববার শেষনিশ্বাস ত্যাগ করেছেন তিনি।
আজ (সোমবার, ১৩ এপ্রিল) রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হবে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে বিকেল ৪টায় মুম্বাইয়ের শিবাজি পার্কে তাকে শেষ শ্রদ্ধা জানিয়ে দাহকার্য সম্পন্ন করা হবে। উল্লেখযোগ্যভাবে, একই স্থানে তার বড় বোন লতা মঙ্গেশকরের শেষকৃত্যও অনুষ্ঠিত হয়েছিল। অনুষ্ঠানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস উপস্থিত থাকার কথা রয়েছে।
রোববার সন্ধ্যায় তার মরদেহ নেওয়া হয় লোয়ার পারেলের বাসভবনে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ভক্তদের শেষ শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ সেখানে রাখা হয়েছে।
শিল্পীর ছেলে আনন্দ ভোসলে বলেন, ‘যারা শেষ শ্রদ্ধা জানাতে চান, তারা বেলা ১১টা থেকে তার বাসভবনে আসতে পারেন।’
পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ‘শেষদর্শন সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে, এরপর বিকেল ৪টায় শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হবে।’
সাত দশকেরও বেশি দীর্ঘ কর্মজীবনে ১২ হাজারের বেশি গান গেয়েছেন আশা ভোঁসলে। হিন্দির পাশাপাশি ২০টিরও বেশি ভাষায় গান গেয়ে তিনি বিশ্বজুড়ে শ্রোতাদের মন জয় করেছেন। গজল, শাস্ত্রীয় ও আধুনিক—সব ধারাতেই ছিল তার সমান দখল।
সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ভারতের চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান দাদাসাহেব ফালকে পুরস্কারসহ পদ্মবিভূষণ এবং একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।
তার প্রয়াণে চলচ্চিত্র অঙ্গনের অসংখ্য তারকা শোক প্রকাশ করেছেন। শাহরুখ খান, কাজল, শ্রেয়া ঘোষাল, কারিনা কাপুর খান, ভিকি কৌশল, রাম গোপাল ভার্মা, আনু মালিক, কমল হাসান, জুনিয়র এনটিআরসহ আরও অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন।
অভিনেতা মনোজ বাজপেয়ী লিখেছেন, ‘আমাদের অনেকের মতো আমিও আশাজির গান শুনে বড় হয়েছি। তার কণ্ঠ আমাকে অনুপ্রাণিত করেছে এবং মুগ্ধ করেছে। তার গান চিরকাল আমাদের সঙ্গে থাকবে।’ আর দক্ষিণি তারকা রামচরণ বলেন, ‘ভারতীয় সংগীতের জন্য এটি অপূরণীয় ক্ষতি। তাঁর কণ্ঠ ছিল খাঁটি জাদু।’