
বলিউড অভিনেতা আমির খান আজ তৃতীয়বারের মতো বিয়ের বন্ধনে আবদ্ধ হচ্ছেন। তার দীর্ঘদিনের পরিচিত গৌরী স্প্র্যাটকে বিয়ে করছেন এই অভিনেতা। মুম্বাইয়ের বান্দ্রায় আমিরের নিজ বাসভবনে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে বিয়ের আনুষ্ঠানিকতা।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ২৫ বছর ধরে একে অপরকে চিনলেও দুই বছর আগে প্রেমের সম্পর্কে জড়ান আমির ও গৌরী। চলতি বছরের শুরুতে নিজের ৬০তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রথমবারের মতো গৌরীর সঙ্গে সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন অভিনেতা।
পারিবারিক সূত্র জানিয়েছে, বিয়ের আয়োজনটি সীমিত পরিসরে রাখা হয়েছে। অনুষ্ঠানে প্রায় ১৫০ জন অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমিরের কয়েকজন স্বজন বিদেশ থেকে মুম্বাইয়ে এসেছেন এই আয়োজনে অংশ নিতে।
বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমির খানের তিন সন্তান—জুনায়েদ খান, ইরা খান এবং আজাদ রাও খান। এছাড়া গৌরী স্প্র্যাটের আগের সংসারের ছয় বছর বয়সী ছেলেও অনুষ্ঠানে অংশ নেবে।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। ১৯৮৬ সালে তিনি প্রথম বিয়ে করেন রীনা দত্তকে। সেই সংসারে তাদের দুই সন্তান জুনায়েদ ও ইরা। ২০০২ সালে তাদের বিচ্ছেদ হয়। পরে ২০০৫ সালে তিনি নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন। ২০২১ সালে তাদেরও বিবাহবিচ্ছেদ হয়। তবে সারোগেসির মাধ্যমে জন্ম নেওয়া ছেলে আজাদের যৌথ অভিভাবক হিসেবে এখনও একসঙ্গে দায়িত্ব পালন করছেন তারা।
গৌরী স্প্র্যাটের শৈশব ও বেড়ে ওঠা বেঙ্গালুরুতে। তিনি লন্ডনের ইউনিভার্সিটি অব দ্য আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং ও ফটোগ্রাফি বিষয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে মুম্বাইয়ে ‘বিব্লান্ট’ নামে একটি সেলুন পরিচালনা করছেন।