
জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর, উপস্থাপক সোমা ইসলাম, মডেল ও আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়াসহ ছয়জনের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) রাতে ‘রাষ্ট্রসংলাপ ফোরাম’-এর সদস্য মিল্লাত হোসেন এ অভিযোগ দায়ের করেন। পরে শাহবাগ থানা অভিযোগটি সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করে।
শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মাজিবুল আলম জানান, অভিযোগটি তদন্তের দায়িত্ব এসআই আশরাফ আলীকে দেওয়া হয়েছে।
জিডিতে আনিস আলমগীর, সোমা ইসলাম ও জান্নাতুল ফেরদৌস পিয়া ছাড়াও সাবেক ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা এবং মডেল-অভিনেত্রী তুষ্টির নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ দায়েরের সময় রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্য সচিব আ ন ম আয়াস এবং কেন্দ্রীয় সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা ও তুহিন ফরাজী উপস্থিত ছিলেন।
অভিযোগে বলা হয়েছে, আনিস আলমগীর কারামুক্ত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছেন। সোমা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন টকশোতে জুলাই আন্দোলন নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ আনা হয়েছে।
এছাড়া জান্নাতুল ফেরদৌস পিয়ার বিরুদ্ধে আন্দোলনকারী ও আহতদের নিয়ে কটাক্ষ করার অভিযোগ করা হয়েছে। মোমিন মেহেদীর বিরুদ্ধে জুলাই আন্দোলনের স্মৃতিস্তম্ভ এলাকায় বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ রয়েছে।
জিডিতে আরও দাবি করা হয়েছে, মারিয়া কিসপট্টা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনকে ‘সন্ত্রাসী আন্দোলন’ হিসেবে উল্লেখ করেছেন এবং মডেল-অভিনেত্রী তুষ্টি আন্দোলনকে ‘প্রতারণার মাস’ আখ্যা দিয়ে অপপ্রচার চালিয়েছেন।
তবে অভিযোগে অভিযুক্তদের কেউ এ বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি।