
চিত্রনায়িকা পরীমনিসহ তিন আসামির বিরুদ্ধে মাদক আইনে করা মামলার অভিযোগ বিষয়ে শুনানির জন্য আগামী ২৯ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।
সোমবার ঢাকার বিশেষ জজ রবিউল আলম এ দিন ধার্য করেন। পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত অভিযোগ বিষয়ে শুনানির জন্য সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। এদিন পরীমনি আদালতে উপস্থিত ছিলেন না। তবে মামলার অপর দুই আসামি—তার ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু এবং খালু কবীর হোসেন হাওলাদার আদালতে উপস্থিত ছিলেন।
মামলার নথি অনুযায়ী, ২০২১ সালে ব্যবসায়ী নাছির উদ্দীনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করার কয়েক দিন পর ৪ আগস্ট পরীমনির বাসায় অভিযান চালায় র্যাব। ওই অভিযানে মদ ও মাদক উদ্ধার করা হয়। পরে মাদক আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
একই বছরের ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।
এরপর ২০২২ সালের ৫ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমনি। পরে ২০২২ সালের ১ মার্চ হাইকোর্ট রুল জারি করে পরীমনির ক্ষেত্রে মামলার কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেন। পাশাপাশি মামলায় পুনরায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির নির্দেশ দেন উচ্চ আদালত।