
দীর্ঘ ১১ বছর পর আবারও নাটকের অভিনয়ে ফিরলেন বর্তমান সময়ের জনপ্রিয় উপস্থাপিকা শান্তা জাহান। মাবরুর রশীদ বান্নাহর রচনা ও পরিচালনায় ‘অচেনা পথের বাঁকে’ শিরোনামের একটি নাটকে শিক্ষিকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। নাটকটিতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন আবিদ বিন পারভেজ প্রান্ত।
একজন শিক্ষিকা ও তাঁর ছাত্রের সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত নাটকটি গত ৭ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তির পর থেকেই বেশ আলোচনায় এসেছে। বিশেষ করে শান্তা জাহানের অভিনয়ের প্রশংসা করছেন দর্শকরা।
দীর্ঘদিন পর অভিনয়ে ফেরা প্রসঙ্গে শান্তা জাহান জানান, গত এক দশক উপস্থাপনা নিয়ে ব্যস্ত থাকার কারণে এবং পছন্দসই গল্প ও চরিত্র না পাওয়ায় অভিনয়ে ফেরা হয়নি তাঁর।
তিনি বলেন, ‘১১ বছর আগে সর্বশেষ একটি নাটকে অভিনয় করেছিলাম। এরপর অনেক নাটকেই অভিনয়ের প্রস্তাব এসেছিল। কিন্তু দুটো কারণে অভিনয় করা হয়ে ওঠেনি। গত ১১ বছর আমি উপস্থাপনা নিয়ে এতটাই ব্যস্ত সময় কাটিয়েছি যে অভিনয় নিয়ে ভাবার সুযোগ হয়ে ওঠেনি। অন্যদিকে, নাটকে অভিনয়ের প্রস্তাব এলেও গল্প ও চরিত্র তেমন ভালো লাগেনি। মাবরুর রশীদ বান্নাহর এই গল্পটি আমার সঙ্গে বেশ ভালোভাবে মানিয়ে যায়। তাছাড়া চরিত্রটিও আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। সে কারণেই নাটকটিতে অভিনয় করেছি। নাটকটি প্রচারের পর থেকে বেশ ভালো সাড়া পাচ্ছি।’
অভিনয়ে নিয়মিত হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে কী, আমার ধ্যান-জ্ঞান উপস্থাপনাকে ঘিরেই। অভিনয়কে পেশা হিসেবে বেছে নেওয়ার ভাবনা থাকলে আরও এক দশক আগেই হয়তো সেটা ভাবতাম। হ্যাঁ, মাঝে মাঝে অভিনয় করতে বা বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে ভালো লাগে। কিন্তু উপস্থাপনা আমার সবসময়ের ভালো লাগার জায়গা। যে কারণে উপস্থাপনাতেই আমি নিজের মধ্যে শতভাগ পরিপূর্ণতা খুঁজে পাই।’