
দেশজুড়ে হাম পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৬ জনের মধ্যে হাম অথবা এর উপসর্গ শনাক্ত হয়েছে।
সোমবার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম পরিস্থিতি প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মোট তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময় সরাসরি হামে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। ফলে গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪১ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নতুন করে ১৫৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৪৭ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে। সব মিলিয়ে একদিনে আক্রান্ত ও উপসর্গ শনাক্তের সংখ্যা ১ হাজার ১০৬।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত সারা দেশে মোট ১ লাখ ৬ হাজার ৫৬৫ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে পরীক্ষার মাধ্যমে ১২ হাজার ৭৯১ জনের হাম নিশ্চিত করা হয়েছে।
এ ছাড়া চলতি বছরের ১৫ মার্চ থেকে সোমবার পর্যন্ত হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৮৯ হাজার ৭৩৪ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৬ হাজার ৬২ জন।