
দেশজুড়ে হামের প্রকোপ কমার লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯০২ জন আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত হাম পরিস্থিতি-সংক্রান্ত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৫২ শিশু। এছাড়া পরীক্ষায় নিশ্চিত হামে আরও ৯৩ শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে এ সময়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৭৪৫ জনে।
একই প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৬ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। এর ফলে ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৩ হাজার ৭০।
এদিকে, গত এক দিনে আরও ৭৯৬ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত উপসর্গ দেখা দেওয়া রোগীর মোট সংখ্যা পৌঁছেছে ১ লাখ ৮ হাজার ১৮০ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯১ হাজার ২৭০ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৮৭ হাজার ৬২৮ জন।