
দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫৩ জনে।
একই সময়ে নতুন করে ১ হাজার ২০ জনের শরীরে হাম বা এর উপসর্গ শনাক্ত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০১ জন। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৫২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে সন্দেহজনক হাম রোগী হিসেবে শনাক্ত হয়েছেন ১ লাখ ৭৮ হাজার ৬৬৬ জন। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২০ হাজার ৪৭৪ জনের।
এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৭ হাজার ৫৫৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৫১ হাজার ৩৯৫ জন।