
দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫৭ জনে।
রোববার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া নিয়মিত স্বাস্থ্যবার্তায় এসব তথ্য জানানো হয়। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এতে তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত এক দিনে হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন। এ সময়ে নতুন করে ৮৮ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। ফলে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ হাজার ৫৬২ জন।
একই সময়ে আরও ১ হাজার ১৪৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৯ হাজার ৮১৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ১ লাখ ৫৮ হাজার ৫৮৯ জন রোগী ভর্তি হয়েছেন।
মৃত্যুর হিসাবে নিশ্চিত হামে এ পর্যন্ত ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ৯৫৬ জনের মৃত্যু হয়েছে।