
চীনের পূর্বাঞ্চলীয় ডংহাইয়ে আতশবাজির একটি দোকানে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় আটজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। বিস্ফোরণের পরপরই প্রশাসন উদ্ধার কার্যক্রম শুরু করে।
সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পূর্ব চীনের জিয়াংসু প্রদেশ-এর ডংহাই কাউন্টি-র একটি গ্রামের কয়েকজন ব্যক্তি অনিরাপদভাবে আতশবাজি ব্যবহার করছিলেন। এর জেরে রোববার দুপুর আড়াইটার দিকে দোকানটিতে বিস্ফোরণ ঘটে।
ঘটনার পরপরই কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আহত দুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং নিহতদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
উল্লেখ্য, চীনের গ্রামীণ এলাকায় নতুন বছর বা অন্যান্য উৎসবে আতশবাজি ব্যবহারের প্রচলন রয়েছে। তবে সম্প্রতি এ ধরনের দুর্ঘটনার সংখ্যা বেড়েছে বলে জানা গেছে।
এই মাসেই চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশ-এর একটি বায়োটেক কারখানায় বিস্ফোরণে আটজন নিহত হন। এছাড়া গত জানুয়ারির শেষ দিকে পার্শ্ববর্তী অঞ্চলের একটি স্টিল কারখানায় বিস্ফোরণে অন্তত নয়জনের মৃত্যু হয়।
এদিকে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় নাগরিকদের সতর্কবার্তা জারি করেছে। অনিরাপদভাবে আতশবাজি পরীক্ষা না করা এবং দোকানের বাইরে ধূমপান থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। পাশাপাশি দেশের সব আতশবাজি উৎপাদনকারী প্রতিষ্ঠানে পূর্ণাঙ্গ নিরাপত্তা যাচাইয়ের নির্দেশ দেওয়া হয়েছে।