
মিশরের উত্তর-পূর্বাঞ্চলের পোর্ট সাইদ প্রদেশে ট্রাক ও যাত্রীবাহী পিক-আপের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরা জানিয়েছে, নিহতদের বেশিরভাগই জেলে (মৎস্যজীবী)। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
রাষ্ট্রায়ত্ত দৈনিক আল-আহরেম জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে পোর্ট সাইদের দক্ষিণে ৩০ জুন অ্যাক্সিস মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কীভাবে এ সংঘর্ষ ঘটল, তা খতিয়ে দেখতে পাবলিক প্রসিকিউটর তদন্ত শুরু করেছেন বলে আল-আহরাম জানিয়েছে।
বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, একটি পিক-আপ ট্রাক দুটি বড় পণ্যবাহী ট্রাকের মাঝে চাপা পড়ে সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে গেছে। সড়কজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ধ্বংসাবশেষ। এপির প্রতিবেদনে বলা হয়, পিক-আপটি উপকূলীয় পোর্ট সাইদ এলাকায় মাছের খামারে কাজ করতে যাওয়া জেলেদের বহন করছিল।
ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এর উদ্বোধনী সভায় অংশ নেওয়া মিশরের প্রধানমন্ত্রী মোস্তাফা মাদবুলি দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি নিহত ও আহতদের স্বজনদের আর্থিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মাদবুলি ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে জানান, তিনি পোর্ট সাইদ প্রদেশের গভর্নরের কাছ থেকে নিয়মিত প্রতিবেদন নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। মিশরে সড়ক দুর্ঘটনা একটি দীর্ঘদিনের সমস্যা। অতিরিক্ত গতি, সড়কের খারাপ অবস্থা এবং ট্রাফিক আইন প্রয়োগে শিথিলতার কারণে প্রতিবছর হাজারো মানুষের প্রাণ যায়। বিশেষ করে মাইক্রোবাস ও ভারী ট্রাক জড়িত দুর্ঘটনার সংখ্যা তুলনামূলক বেশি।
গত বছরের জুনেও একটি ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে ১৯ জন নিহত হন, যাদের অধিকাংশই কিশোরী ছিল বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছিলেন।