
ইসরায়েল সফরে গিয়ে উষ্ণ কূটনৈতিক আবহে বিশেষ এক চমক পেলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুই দিনের রাষ্ট্রীয় সফরে থাকা এই ভারতীয় নেতাকে স্বাগত জানাতে ব্যতিক্রমী উদ্যোগ নিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) মোদি ইসরায়েলে পৌঁছালে তাকে লাল গালিচা সংবর্ধনা দেন নেতানিয়াহু। সফরের শুরু থেকেই দুই নেতার আন্তরিকতা চোখে পড়ে।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়, সেদিন রাতের যৌথ নৈশভোজে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক পরে উপস্থিত হয়ে মোদিকে চমকে দেন নেতানিয়াহু। তিনি পাথরের রঙের একটি নেহেরু জ্যাকেট পরেছিলেন, যা ভারতে ‘মোদি জ্যাকেট’ নামেও পরিচিত। পাশাপাশি তার গায়ে ছিল লম্বা হাতার কুর্তা-ধাঁচের শার্ট।
এই বিশেষ পোশাকে মোদির সামনে হাজির হওয়ার মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করেন নেতানিয়াহু। সেখানে তিনি লেখেন, যৌথ নৈশভোজের আগে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক পরে আমি আমার বন্ধু মোদিকে চমক দিয়েছি।
এর আগে সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মোদি ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের বিশেষ পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেন। এর মাধ্যমে তিনি ইসরায়েলি সংসদে ভাষণ দেওয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইতিহাস গড়েন।
নেসেটে পৌঁছালে মোদিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান দেশটির স্পিকার আমির ওহানা। মোদির বক্তব্যের আগে পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু, বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিড এবং স্পিকার ওহানা। তারা প্রত্যেকেই ভারত ও ইসরায়েলের সম্পর্কের প্রতি দৃঢ় দ্বিদলীয় সমর্থনের কথা তুলে ধরেন।