
বিশ্বজুড়ে সংবাদমাধ্যমের জন্য ২০২৫ সাল এক রক্তাক্ত অধ্যায় হয়ে থাকল। গত ৩৩ বছরের মধ্যে এ বছরই সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিক হত্যার ঘটনা নথিভুক্ত হয়েছে, আর এ তালিকায় সবার ওপরে রয়েছে ইসরায়েলের নাম।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা বুধবার জানিয়েছে, নিউইয়র্কভিত্তিক সাংবাদিকদের অধিকার সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস এর বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে কাজ করা সংস্থাটি বলছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী মোট ১২৯ জন সাংবাদিক ও সংবাদকর্মী নিহত হয়েছেন, যা ১৯৯২ সাল থেকে তাদের রেকর্ড সংরক্ষণের ইতিহাসে সর্বোচ্চ।
প্রতিবেদন অনুযায়ী, গত বছর অন্তত ৮৪ জন সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েল। মোট নিহতের প্রায় দুই-তৃতীয়াংশের জন্য দেশটিকেই দায়ী করা হয়েছে। সিপিজে তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে “গণমাধ্যমের ওপর হামলা করে দায়মুক্ত হওয়া একটি চিরায়ত সংস্কৃতি” গড়ে উঠেছে।
সংস্থাটি জানায়, ইসরায়েলে নিহতদের অধিকাংশই ছিলেন ফিলিস্তিনি সাংবাদিক। এছাড়া ইয়েমেনের একটি সংবাদপত্র কার্যালয়ে ইসরায়েলের বিমান হামলায় ৩১ জন কর্মী নিহত হন। কোনো নির্দিষ্ট স্থাপনাকে লক্ষ্য করে এমন আক্রমণকে সিপিজে ‘খুন’ হিসেবে অভিহিত করেছে। বিশ্বব্যাপী এ ধরনের ৪৭টি ঘটনার মধ্যে ৩৮টির জন্যই ইসরায়েলকে দায়ী করা হয়েছে।
এক বিবৃতিতে সিপিজে বলেছে, “১৯৯২ সালে জেপিজে রেকর্ড সংগ্রহ করার পর থেকে এ যাবতকালের মধ্যে অন্য যেকোন দেশের তুলনায় ইসারায়েল সবচেয়ে বেশি সংবাদিক হত্যার জন্য দায়ী।”
সংস্থাটি আরও জানায়, ইসরায়েলের হামলায় সাংবাদিক নিহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। গাজায় সামরিক অভিযানের সময় সংবাদমাধ্যমের ওপর কঠোর বিধিনিষেধ ও মানবিক সংকটের কারণে সঠিক তদন্ত চালানো সম্ভব হয়নি। ফলে কিছু হত্যাকাণ্ড অপ্রকাশিত থেকে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সিপিজে সতর্ক করে বলেছে, বহু প্রমাণ নষ্ট হয়ে যাওয়ায় গাজায় ইসরায়েলি হামলায় প্রকৃত কতজন সাংবাদিক প্রাণ হারিয়েছেন, তার নির্ভুল হিসাব হয়তো কখনোই জানা যাবে না।
ইসরায়েলের হামলায় আল জাজিরা এর অন্তত পাঁচজন সাংবাদিক নিহত হয়েছেন। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৩০০ জন সাংবাদিক ও সংবাদকর্মী নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সূত্র: আল জাজিরা