
গতকাল ইসরায়েল-যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সম্মিলিত হামলা চালিয়েছে। এই হামলায় নিহত হয়েছে দেশেটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষ কয়েকজন নেতা। চলমান এ অভিযানের বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। দলটি জানিয়েছে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলা অব্যাহত থাকলে কঠোর কর্মসূচিতে দেওয়া হবে। একই সঙ্গে ইসরায়েলি পণ্য বয়কটের হুঁশিয়ারিও দিয়েছেন দলটির নেতারা।
রোববার (১ মার্চ) ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-কে হত্যার প্রতিবাদে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মিছিলে দলটির নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেন, ইরানের জনগণের বিরুদ্ধে গিয়ে এ হামলা চালানো হয়েছে, যা গণতন্ত্রের পরিপন্থী। তিনি বলেন, ‘জাতিসংঘ এবং ওআইসি নিজেদের মোড়ল ভাবলেও ইতিবাচক ভূমিকা নিতে না পারার কারণে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে।’
দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, ‘জাতিসংঘকে কার্যকর ভূমিকা নিতে হবে। মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে।’
এ সময় চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াত নেতা হাফিজুর রহমানকে হত্যার ঘটনায় নিন্দা জানান রফিকুল ইসলাম খান। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের আহ্বান জানান।
বক্তারা আগামী ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে খামেনি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা প্রস্তাব উত্থাপনের জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।