
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন ইতালির প্রতিরক্ষামন্ত্রী গাইডো ক্রোসেত্তো।
বৃহস্পতিবার (৫ মার্চ) পার্লামেন্টের নিম্নকক্ষে দেওয়া বক্তব্যে ক্রোসেত্তো বলেন, "গত সপ্তাহে চালানো এই হামলার সিদ্ধান্ত নিঃসন্দেহে আন্তর্জাতিক আইনের নিয়মের বাইরে ছিল।" এই তথ্য প্রকাশ করেছে সংবাদমাধ্যম রয়টার্স।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, এই মন্তব্য ইতালির ডানপন্থি সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত সবচেয়ে কঠোর সমালোচনা হিসেবে ধরা হচ্ছে। বর্তমান সরকার গত বছর ক্ষমতায় আসার পর থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করছে।
ক্রোসেত্তো আরও বলেন, "যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের মিত্র ও অংশীদারদের আগাম কোনো সতর্কতা না দিয়েই এই সংঘাত শুরু করেছে। ফলে ইতালিসহ বিশ্ব এখন সেই সংঘাতের পরিণতি সামাল দিতে বাধ্য হচ্ছে। এটি এমন একটি যুদ্ধ, যা শুরু হয়েছে অথচ বিশ্বে কেউ আগে থেকে জানত না। এখন আমাদেরও অন্যদের মতো এর পরিণতি মোকাবিলা করতে হচ্ছে।"
ইতালি জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরানের সম্ভাব্য পাল্টা আক্রমণ থেকে সুরক্ষা দিতে উপসাগরীয় দেশগুলোকে বিমান প্রতিরক্ষা সহায়তা দেওয়া হবে। পাশাপাশি ভূমধ্যসাগরের দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসে নৌবাহিনীর কিছু সম্পদ মোতায়েন করা হবে।