
ইসরায়েলের রাজধানী তেল আবিবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ সময়ের জনসমক্ষে অনুপস্থিতিকে কেন্দ্র করে বিক্ষোভ তীব্র আকার নিয়েছে। মার্চের মাঝামাঝি সময়ে হাজারো মানুষ রাস্তায় নেমে সরকারিভবনের দিকে মিছিল করেন এবং পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা ও জবাবদিহিতার দাবি জানান।
বিক্ষোভকারীদের অভিযোগ, এক সপ্তাহেরও বেশি সময় ধরে প্রধানমন্ত্রী জনসমক্ষে উপস্থিত নন, যা চলমান মধ্যপ্রাচ্য সংকটের সময় জনমনে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করেছে। সাধারণত নিয়মিত ভিডিও বার্তা ও নিরাপত্তা ব্রিফিংয়ে অংশ নেওয়া নেতানিয়াহুর এমন অনুপস্থিতিকে ‘অস্বাভাবিক’ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
বিক্ষোভে অংশ নেওয়া মানুষজন প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা ও অবস্থান সম্পর্কে স্বচ্ছ তথ্য প্রকাশের দাবি তুলেছেন। পাশাপাশি তারা বর্তমান সরকারের পদত্যাগ, বাকি বন্দিদের মুক্তি এবং নেতৃত্বে পরিবর্তনের আহ্বানও জানান।
সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর শারীরিক অবস্থার বিষয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়লেও প্রধানমন্ত্রীর কার্যালয় এগুলোকে ‘ভুয়া খবর’ হিসেবে উড়িয়ে দিয়েছে। তাদের দাবি, প্রধানমন্ত্রী সুস্থ ও নিরাপদ রয়েছেন।
বিক্ষোভকারীরা বিভিন্ন সড়ক অবরোধ করে স্লোগান দেন, যার মধ্যে সবচেয়ে প্রচলিত ছিল “বিবি গো হোম” (বেনিয়ামিন নেতানিয়াহুর ডাকনাম ‘বিবি’), যা সরকারের প্রতি অসন্তোষ প্রকাশ করে। যদিও বেশিরভাগ কর্মসূচি শান্তিপূর্ণ ছিল, চলমান সংঘাত মোকাবেলায় সরকারের ভূমিকা নিয়ে জনচাপ ক্রমেই বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।