
চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিছুয়ান প্রদেশে বিপুল পরিমাণ বিরল খনিজের সন্ধান পাওয়া গেছে। দেশটির প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, প্রদেশটির মিয়াননিং কাউন্টি-এর মাওনিউপিং খনি এলাকায় এই গুরুত্বপূর্ণ মজুত শনাক্ত করা হয়।
সরকারি তথ্যে বলা হয়েছে, খনিটিতে প্রায় ৯৬ লাখ ৬৫ হাজার ৬০০ টন রেয়ার আর্থ অক্সাইডের মজুত রয়েছে। পাশাপাশি সেখানে ২ কোটি ৭১ লাখ ৩৫ হাজার ৪০০ টন ফ্লোরাইট এবং ৩ কোটি ৭২ লাখ ২৭ হাজার ৭০০ টন বারাইটের উপস্থিতিও নিশ্চিত করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আধুনিক প্রযুক্তি শিল্পে ফ্লোরাইট একটি গুরুত্বপূর্ণ কাঁচামাল। এটি মহাকাশ গবেষণা, রেফ্রিজারেশন, ওষুধ শিল্প, ইলেকট্রনিক্স এবং পারমাণবিক শক্তি উৎপাদনে ব্যবহৃত হয়। অন্যদিকে বারাইট তেল ও গ্যাস অনুসন্ধান ও ড্রিলিং কার্যক্রমে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়া রাসায়নিক শিল্প, ফিলার এবং মেডিকেল ইমেজিংয়েও এর ব্যবহার রয়েছে।
বর্তমানে উৎপাদনে থাকা খনিগুলোর মধ্যে মাওনিউপিং রেয়ার আর্থ খনিটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হালকা বিরল খনিজের উৎস হিসেবে বিবেচিত হচ্ছে। এর আগে প্রথম স্থানে রয়েছে বায়ান ওবো খনি, যা ইনার মঙ্গোলিয়া অঞ্চলে অবস্থিত।
বিশ্লেষকরা বলছেন, নতুন এই আবিষ্কার বৈশ্বিক প্রযুক্তি খাতে চীনের অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক খনিজ বাজারেও এর প্রভাব পড়তে পারে।
সূত্র: সিসিটিভি