
সংযুক্ত আরব আমিরাত-এর ফুজাইরাহতে ড্রোন হামলার ঘটনায় এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার (১ এপ্রিল) দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম এ তথ্য নিশ্চিত করেছে।
খবরে বলা হয়, একটি ড্রোন ফুজাইরাহ অঞ্চলে প্রবেশ করার পর সেটিকে প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। তবে ভূপাতিত হওয়ার সময় ড্রোনটির ধ্বংসাবশেষ নিচে পড়ে গিয়ে এক বাংলাদেশি শ্রমিকের ওপর আঘাত হানে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত বাংলাদেশির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি আমিরাত কর্তৃপক্ষ। তবে জানা গেছে, তিনি ফুজাইরাহর আল রিফা এলাকার একটি কৃষিখামারে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি কর্মস্থলেই ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ড্রোনটি কোথা থেকে এসেছে বা হামলার উদ্দেশ্য কী ছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে, এ ধরনের ঘটনার পর বিভিন্ন গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকায় দেশটির সরকারি কর্মকর্তারা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, শুধুমাত্র সরকারি ও নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যের ওপরই আস্থা রাখতে হবে।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে সাম্প্রতিক সময়ে বিভিন্ন দেশে ড্রোন সংশ্লিষ্ট ঘটনার ঝুঁকি বেড়েছে। এই প্রেক্ষাপটে সংশ্লিষ্ট দেশগুলো তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও জোরদার করেছে। ফুজাইরাহর ঘটনাটিও সেই ধরনের একটি প্রতিরোধমূলক পদক্ষেপের সময় ঘটে যাওয়া দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে।