
১৪ দিনের সাময়িক যুদ্ধবিরতিতে ১০ দফা দাবি উপস্থাপন করেছে ইরান। এই প্রস্তাবকে ভিত্তি করেই আগামী শুক্রবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে স্থায়ী সংঘাত অবসানের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের প্রণীত এই প্রস্তাবকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরান থেকে ১০ দফা প্রস্তাব পেয়েছে। এটি “কূটনৈতিক আলোচনার জন্য কাজ করার উপযোগী ভিত্তি” হতে পারে।’
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজের তথ্য অনুযায়ী প্রস্তাবের মূল বিষয়গুলো হলো—
১। ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।
২। ইরান ও তাদের মিত্রদের বিরুদ্ধে সব ধরনের আগ্রাসন বন্ধের ব্যবস্থা নিতে হবে।
৩। মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার এবং আঞ্চলিক ঘাঁটি ব্যবহার করে ইরানের ওপর হামলা নিষিদ্ধ করতে হবে।
৪। দুই সপ্তাহের জন্য প্রতিদিন সীমিত সংখ্যক জাহাজ হরমুজ প্রণালি দিয়ে চলাচল করতে পারবে, তবে নিয়ন্ত্রণ থাকবে ইরানের হাতে এবং তাদের নির্দেশিকা অনুসরণ করতে হবে।
৫। ইরানের ওপর আরোপিত সব ধরনের নিষেধাজ্ঞা—প্রাথমিক, গৌণ ও জাতিসংঘের—প্রত্যাহার করতে হবে।
৬। যুদ্ধের ক্ষতি কাটিয়ে উঠতে ইরান ও প্রতিবেশী দেশগুলোর জন্য একটি বিনিয়োগ ও আর্থিক তহবিল গঠন করতে হবে।
৭। ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ অধিকার যুক্তরাষ্ট্রকে স্বীকার করতে হবে এবং ইউরেনিয়ামসহ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।
৮। আঞ্চলিক দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক শান্তি চুক্তি নিয়ে আলোচনার সুযোগ দিতে হবে।
৯। মধ্যপ্রাচ্যের সব প্রতিরোধ গোষ্ঠীর জন্য ‘অ-আগ্রাসন নীতি’ সম্প্রসারণ করতে হবে।
১০। এসব শর্ত জাতিসংঘের একটি আনুষ্ঠানিক প্রস্তাবের মাধ্যমে অনুমোদন দিতে হবে।
তবে প্রস্তাবের ভাষাগত সংস্করণ নিয়ে কিছু অসামঞ্জস্যের তথ্য সামনে এসেছে। ইরানের শীর্ষ কূটনীতিকরা যে ইংরেজি অনুলিপি সাংবাদিকদের দিয়েছেন, তার সঙ্গে সামাজিকমাধ্যমে প্রকাশিত ফরাসি সংস্করণের কিছু পার্থক্য রয়েছে বলে জানা গেছে।
বার্তা সংস্থা এপির খবরে উল্লেখ করা হয়, ফার্সি ভাষার মূল নথিতে ইরানের পারমাণবিক কর্মসূচির বৈধতা নিশ্চিত করতে ‘সমৃদ্ধকরণ গ্রহণযোগ্যতা’ শব্দবন্ধটি অন্তর্ভুক্ত ছিল। কিন্তু ইংরেজি অনুবাদে তা অনুপস্থিত।
এই শব্দটি ইংরেজি সংস্করণে বাদ দেওয়া হয়েছে কেন—তাৎক্ষণিকভাবে তার ব্যাখ্যা পাওয়া যায়নি।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্প দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণভাবে বন্ধ করাকে এই সংঘাতের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরছেন।
ফার্সি ভাষায় পরিকল্পনাটি প্রকাশের পর ট্রাম্প এটিকে ‘প্রতারণামূলক’ বলেও আখ্যা দেন, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি।
অন্যদিকে, জাতিসংঘে ইরানের প্রতিনিধিরা ইংরেজি ও ফার্সি সংস্করণের মধ্যে থাকা এই অমিল নিয়ে মন্তব্য করতে রাজি হননি।