
যুদ্ধবিরতির প্রেক্ষাপটে নিজেদের বিজয়ের ঘোষণা দিয়ে শত্রুপক্ষের পরাজয় দাবি করেছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ।
এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘ইরানি জাতির বিরুদ্ধে শত্রুর কাপুরুষোচিত, অবৈধ ও অপরাধমূলক যুদ্ধে শত্রুপক্ষ এক অনস্বীকার্য, ঐতিহাসিক এবং চূড়ান্ত পরাজয়ের মুখে পড়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ইরান শত্রুর বিরুদ্ধে এক মহান বিজয় অর্জন করেছে।’
এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর রাতভর রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন এলাকায় উদযাপনে মেতে ওঠে সাধারণ মানুষ।
উৎসবের সময় ‘ডেথ টু আমেরিকা, ডেথ টু ইসরায়েল’ স্লোগানে মুখর হয়ে ওঠে তেহরান।
তবে বিশ্লেষকদের মতে, এই সংঘাতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ইরান। ব্যাপক অবকাঠামোগত ধ্বংসের পাশাপাশি অসংখ্য স্কুল, বিশ্ববিদ্যালয় ও বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অন্তত দুই সপ্তাহের জন্য যুদ্ধবিরতি কার্যকর হওয়াকে সাধারণ মানুষের জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে সরকারপন্থীদের দাবি, বড় ক্ষয়ক্ষতি সত্ত্বেও শেষ পর্যন্ত ইরানের শর্তেই যুদ্ধের সমাপ্তি ঘটছে এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করা হয়েছে। তাদের ভাষায়, শত্রুপক্ষ আনুষ্ঠানিকভাবে পরাজয় স্বীকার না করলেও বাস্তবে তারা পরাজিত হয়েছে।