
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের একটি ছোট বিমানবন্দরে বিমান বিধ্বস্ত হয়ে দুইজন নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) স্থানীয় কর্মকর্তারা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, মারানা শহরের মেয়র জন পোস্ট জানান, বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়ে এবং পরে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়।
শহরের মুখপাত্র ভিক হ্যাথাওয়ে জানান, বিমানটিতে দুইজন আরোহী ছিলেন। তবে এখনো তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
তিনি আরও বলেন, এ ঘটনায় বিমানটির আরোহীদের বাইরে অন্য কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি দুর্ঘটনায় বিমানবন্দরের অন্য কোনো বিমান ক্ষতিগ্রস্ত হয়নি বলে জানিয়েছে মারানা পুলিশ বিভাগ।
এদিকে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) জানিয়েছে, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক তথ্যে জানা গেছে, বিধ্বস্ত বিমানটি ছিল একটি ‘পাইপার পিএ-৩২’ মডেলের ছোট আকারের ব্যক্তিগত বিমান।