
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে শর্ত দিয়েছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ‘বাস্তবিকভাবে আগ্রাসন’ থেকে সরে না আসে, তাহলে হরমুজ প্রণালী পুরোপুরি পুনরায় খোলা হবে না। সাম্প্রতিক বিভিন্ন প্রতিবেদনে ইরান নিরাপদ চলাচলকে শর্তসাপেক্ষ বলেই ইঙ্গিত দিয়েছে।
বিবিসির এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি বলেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ শুরুর আগ পর্যন্ত হরমুজ প্রণালী ‘হাজার হাজার বছর ধরে খোলা ছিল’।
তিনি বলেন, ইরান আন্তর্জাতিক রীতি ও আন্তর্জাতিক আইন মেনে চলবে। তবে হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলসীমার অন্তর্ভুক্ত নয় এবং সেখানে নিরাপদ চলাচল ইরান ও ওমানের সদিচ্ছার ওপর নির্ভর করে বলেও মন্তব্য করেন তিনি।
এক প্রশ্নের জবাবে খাতিবজাদেহ বলেন, ইরান চায় হরমুজ প্রণালী শান্তিপূর্ণ থাকুক এবং উপসাগরকে যুদ্ধজাহাজের মাধ্যমে ‘অপব্যবহার’ করা না হোক।
তিনি আরও বলেন, নিরাপদ চলাচলের বিষয়টি একটি দ্বিপাক্ষিক ইস্যু এবং উপসাগরে সামরিক উত্তেজনা বৃদ্ধি ইরান মেনে নেবে না।
বিশ্লেষকদের ধারণা, ইরানের এ অবস্থান মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা এবং লেবাননে ইসরায়েলি হামলার প্রেক্ষাপটেই এসেছে। ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক যুদ্ধবিরতির পরও পরিস্থিতি নাজুক রয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে।
হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে মোট সমুদ্রপথে পরিবাহিত জ্বালানির বড় একটি অংশ যাতায়াত করে। ফলে এ নৌপথে যেকোনো অচলাবস্থা বৈশ্বিক জ্বালানি বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
সূত্র: বিবিসি