
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা এবং যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যকার যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে যুক্তরাজ্য। এর অংশ হিসেবে সৌদি আরব সফর শেষে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সাম্প্রতিক প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, তিনি উপসাগরীয় মিত্রদের সঙ্গে যুদ্ধবিরতি বজায় রাখা ও আঞ্চলিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা করছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি হলেও সেটির স্থায়িত্ব নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে সংশয় দেখা দিয়েছে। বিশেষ করে লেবাননে চলমান হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে বলে পশ্চিমা কূটনৈতিক মহল উদ্বেগ জানিয়েছে।
সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকালে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে স্টারমারের উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, লোহিত সাগরের নিরাপত্তা এবং ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে আমিরাতের সম্ভাব্য ভূমিকা নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
আবুধাবিতে পৌঁছানোর আগে জেদ্দায় সৌদি আরবের যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ওই বৈঠকে আঞ্চলিক স্থিতিশীলতা, যুদ্ধবিরতি টিকিয়ে রাখা এবং হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।
বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ব্রিটেনের কূটনৈতিক প্রভাব আরও শক্তিশালী করতে চাইছে লন্ডন। একই সঙ্গে যুদ্ধবিরতি ভেস্তে গেলে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে যে নেতিবাচক প্রভাব পড়তে পারে, তা মোকাবিলায়ও সক্রিয় ভূমিকা রাখতে চায় যুক্তরাজ্য।
সূত্র: বিবিসি