
বিশ্ব রাজনীতির নজর এখন ইসলামাবাদের দিকে—ইরান ও যুক্তরাষ্ট্রের বহুল প্রত্যাশিত শান্তি আলোচনা ঘিরে উত্তেজনা তুঙ্গে। শনিবার (১১ এপ্রিল) অনুষ্ঠিতব্য এই উচ্চ পর্যায়ের বৈঠককে সামনে রেখে পাকিস্তানের রাজধানীতে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।
ইতোমধ্যে দুই দেশের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে। তবে ঠিক কখন থেকে বৈঠক শুরু হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো ঘোষণা পাওয়া যায়নি।
এর আগে তাসনিম নিউজ জানিয়েছিল, স্থানীয় সময় সকাল ৮টায় আলোচনা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে সেই বৈঠক অনুষ্ঠিত হয়নি।
সর্বশেষ তথ্য অনুযায়ী, আজ বিকেলের দিকে সংলাপ শুরু হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, আনুষ্ঠানিক আলোচনার আগে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা আলাদাভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করবেন।
তাসনিমের তথ্য অনুযায়ী, ইরানের প্রতিনিধি দলে রয়েছেন ৭১ জন সদস্য। দলটির নেতৃত্ব দিচ্ছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। প্রতিনিধি দলে আরও রয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি, পাশাপাশি মিডিয়া প্রতিনিধি, নিরাপত্তা ও কারিগরি বিশেষজ্ঞরা।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স। বিবিসির লাইভ প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন প্রতিনিধিদল স্থানীয় সময় শনিবার সাড়ে ১১টার দিকে ইসলামাবাদে পৌঁছায়।